বিরল ভাইরাসে মারা গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির শিক্ষিকা
বিরল ভাইরাসে মারা গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির শিক্ষিকা।। ছবিঃ সংগৃহীত।
বিরল মশাবাহিত ভাইরাল রোগে আক্রান্ত হয়ে অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি নামে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) এক শিক্ষিকা মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামের মারাত্মক রোগে আক্রান্ত ছিলেন, যা সাধারণত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং মানবদেহের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে গুরুতর প্রভাব ফেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ৪ মে ড. জুথির জ্বর, তীব্র মাথাব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। প্রথমে এটিকে সাধারণ ফ্লু মনে করা হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের এক চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তি করার সময় রোগীর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, ‘ক্লিনিক্যাল উপসর্গ ও অবস্থার ভিত্তিতে আমাদের ধারণা, তিনি জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত ছিলেন।’
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ভাইরাসটি তার মস্তিষ্কে আক্রমণ করে একাধিক ব্রেন স্ট্রোকের পরিস্থিতি তৈরি করে। একই সঙ্গে তিনি হৃদ্রোগেও আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।
ড. জুথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সহকর্মীরা জানান, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
সম্প্রতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করে দেশে ফেরেন। চলতি বছরের শুরুতে তিনি সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
ব্যক্তিগত জীবনে তিনি স্বামী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। তার স্বামী অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্নব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।