সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

প্রতিকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লেবু খাতুন (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লেবু খাতুন পার্শ্ববর্তী বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ছোট দেরাহাল গ্রামের ভ্যানচালক রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নন্দীগ্রাম থেকে ভ্যানে করে চৌগ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন লেবু খাতুন ও তার স্বামী রিপন। তাদের ভ্যানটি চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় লেবু খাতুন সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের স্বামী রিপন মিয়া বলেন, 'ভ্যানে করে আমরা আমার ভায়রার বাড়িতে যাচ্ছিলাম। মুহূর্তের মধ্যে ট্রাকটি আমাদের ধাক্কা দেয়। আমার চোখের সামনেই স্ত্রী ট্রাকের নিচে চলে গেল।'

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।