যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফাইল ছবি

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ও দুপুরে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আমজেদ গাজী, একই উপজেলার লহ্মীপুর গ্রামের আসিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রোকেয়া বেগম (৪৫)।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সহযাত্রী আসিরন বিবিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

অন্যদিকে সকাল ৭টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া এলাকায় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি এতিমখানা ভবনের সীমানাদেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাসচালকের সহকারী আহত হন। দুর্ঘটনার পরপর বাসচালক পালিয়ে যান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাসটি থানা হেফাজতে রয়েছে।