ঝিনাইদহে জমিতে পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
প্রতিকি ছবি
ঝিনাইদহ সদর উপজেলায় ইরি ধানের জমি থেকে অন্য জমিতে পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার দহকোলা গ্রামে জাহিদ বিশ্বাস ও আলিম উদ্দিনের নেতৃত্বে দুটি সামাজিক দল রয়েছে।
গত শুক্রবার জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিম উদ্দিনের সমর্থক রবিন মণ্ডলের জমিতে প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে মারধরের অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। এরই জের ধরে সোমবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের আটজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।