বান্দরবানের তিন্দুর সেই স্কুলটি জাতীয়করণে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংগৃহীত
পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষার আলোয় আলোকিত করতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সংসদকে জানান।
শিক্ষামন্ত্রী বলেন, থানচির তিন্দু এলাকার স্কুলটিকে জাতীয়করণ করার বিষয়ে প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন। আজকে মহান সংসদে তিনি স্লিপ পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।
বিএনপির মিডিয়া সেল নামক ভেরিফায়েড পেজের এক পোস্টে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনর অসাধারণ ত্যাগ ও সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। শিক্ষক-কর্মচারীদের বেতন জোগাতে তিনি নিজেই ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। শুধু মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন বাবদ খরচ করেছেন।
দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখতে তার এই আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। বিষয়টি জানার পরই প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন।