তীব্র দাবদাহে পাঞ্জাবে তিন মাসের স্কুল ছুটি ঘোষণা
ছবিঃ সংগৃহীত।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র তাপপ্রবাহের কারণে সব স্কুলে তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রীষ্মকালীন ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ২৪ আগস্ট থেকে প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টেও এই ছুটির ঘোষণা দেন।
গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত মাসেই পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা আরও বাড়লে স্কুলের সময়সূচি পরিবর্তন বা আগাম গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা যেতে পারে।