টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

 

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (১৩ মে) সকালে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওই আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ভিত্তিতে বুধবার সকালে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন একই এলাকার জাদিমুড়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।