রেসিপি : মুচমুচে ঝুরি আলু ভাজা

রেসিপি : মুচমুচে ঝুরি আলু ভাজা

ছবিঃ সংগৃহীত।

বৃষ্টির দিনে ঝুরি আলু ভাজা না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ লাগে। বাইরে টুপটাপ বৃষ্টি, আর তার সঙ্গে মুচমুচে আলু ভাজা, এই কম্বিনেশন বাঙালির চিরচেনা ভালোবাসা।গরম গরম চায়ের সঙ্গে আলু ভাজা খেতে ভালো লাগে। তবে অনেকেই ভাবেন, হোটেল বা রেস্টুরেন্টের মতো ঝুরি ঝুরি আলু ভাজা বাড়িতে বানানো কঠিন। আসলে সঠিক কৌশল জানলেই খুব সহজে তৈরি করা যায় একদম ক্রিসপি ঝুরি আলু ভাজা।

আসুন জেনে নেওয়া যাক আলুর ঝুড়ি ভাজা কীভাবে তৈরি করবেন-

উপকরণ

বড় আলু ২-৩টি (খোসা ছাড়ানো)

চিনাবাদাম ১ মুঠো

কারিপাতা ৬-৮টি

বিট লবণ স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ

সাদা তেল বা ঘি ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে খোসা ছাড়ানো আলুগুলো গ্রেটারের সবচেয়ে সরু ছিদ্র দিয়ে লম্বা করে গ্রেট করে নিন। এরপর গ্রেট করা আলু ৩-৪ বার পরিষ্কার পানিতে ধুয়ে নিন। যতক্ষণ না আলু থেকে বের হওয়া সাদা স্টার্চ পুরোপুরি চলে যায়।

ধোয়া শেষে আলু একটি ঝাঁঝরি বা ছাঁকনিতে রেখে ১০-১৫ মিনিট পানি ঝরিয়ে নিন। তারপর একটি পরিষ্কার সুতির কাপড় বা টিস্যুর ওপর ছড়িয়ে আলুর অতিরিক্ত পানি পুরোপুরি শুকিয়ে ফেলুন। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে হালকা ধোঁয়া উঠতে শুরু করলে অল্প অল্প করে আলু ছাড়ুন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন, যাতে আলুগুলো সমানভাবে লালচে ও মুচমুচে হয়।

একই তেলে কিছু বাদাম ও কারিপাতা ভেজে তুলে রাখুন। এরপর ভাজা আলুর সঙ্গে বাদাম, কারিপাতা, বিট লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

টিপস

আলু গ্রেট করার পর অবশ্যই কয়েকবার পানি দিয়ে ধুয়ে স্টার্চ বের করে নিতে হবে।

আলুর পানি পুরোপুরি শুকানো খুব জরুরি, না হলে ভাজার সময় নরম হয়ে যাবে।

তেল ভালোভাবে গরম না হলে আলু তেল শুষে নেবে এবং ক্রিসপি হবে না।

একসঙ্গে বেশি আলু তেলে ছাড়বেন না, এতে আলু জট বেঁধে যেতে পারে।

মাঝারি আঁচে ভাজলে আলু ভেতর পর্যন্ত মুচমুচে হয়।

ভাজার পর সঙ্গে সঙ্গে ঢেকে রাখবেন না, এতে নরম হয়ে যেতে পারে।