নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম স্থগিত, লাখ টাকা জরিমানা
প্রতিকি ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং সরকারি অনুমোদন না থাকায় দুটি ডেন্টাল ল্যাবরেটরি সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র ছিল না। কর্মরত টেকনোলজিস্টদের পেশাগত সনদও মেলেনি। এ অবস্থায় ল্যাবটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সরকারি অনুমোদন ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনা করায় মা ডেন্টাল ল্যাবরেটরিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেওয়া হয়।
অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, ল্যাব দুটির কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।