মিরসরাইয়ে বাসচাপায় বৃদ্ধা নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম আজমা বেগম সিরাজী (৬০)। তিনি ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্বামী ইফতেখার আহমেদসহ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কদমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, আজমা দীর্ঘদিন বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।
এরপর নতুন বাসায় আসার পর পুরাতন প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিএম হাসপাতালের সামনে দ্রুতগতির শান্তি পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করেন।
অভিযুক্ত বাস আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।