১৩ দিনে প্রবাসী আয় এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

১৩ দিনে প্রবাসী আয় এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

ফাইল ছবি

চলতি বছরের মে মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২১ হাজার ৩৯৫ কোটি ৩২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।  

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (১৩ এপ্রিল) প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৯৩ কোটি ৯৫ লাখ টাকা।

গত বছরের মে মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ।

চলতি অর্থ-বছরের (১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।