চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক
সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগে আল সিহাব (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৫ মে) রাতে সদর উপজেলার বারঘোরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক আল সিহাব জেলার গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারঘোরিয়া বাজার এলাকায় এক বৃদ্ধকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাচ্ছিলেন সিহাব। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরেন এবং পরিচয়পত্র দেখতে চান। কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় উত্তেজিত জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিহাব ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
এদিকে সিহাবের আটকের খবর পেয়ে শ্রী সিবাস নামে এক ভুক্তভোগী ঘটনাস্থলে এসে অভিযোগ করেন। তিনি জানান, বুধবার (১৩ মে) রাতেও এই যুবক ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।