বকশীগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রীসহ আটক ৩
প্রতিকি ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্য রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশ।
অভিযানের সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারির অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো: আরিফ হোসেন(৩০), তার স্ত্রী রহিমা বেগম(২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান(৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে।
শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।