জলবায়ু সহনশীল নগরায়ন নিশ্চিত করতে হবে
সংগৃহীত ছবি
সমুদ্র তীরবর্তী অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। এই ঝুঁকি থেকে রেহাই পেতে হলে নিশ্চিত করতে হবে জলবায়ু সহনশীল পরিকল্পিত নগরায়ন। এছাড়া নগরীর বেদখল হয়ে যাওয়া খালগুলো সংস্কার ও পুনরুদ্ধার করতে হবে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডিজেস্টার রিজিলিয়েন্ট’ শীর্ষক সেমিনারে আলোচকগণ এসব কথা বলেন। আয়োজন করে স্বেচ্ছাসেবী ও গবেষণা সংস্থা ‘অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস)’
শুরুতে স্বাগত বক্তব্য দেন ওডিএমএস চিফ এক্সিকিউটিভ মুহাম্মদ মতিউর রহমান চৌধুরী মিল্টন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। সভাপতিত্ব করেন ওডিএমএস চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম।
মূল প্রবন্ধে ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় রোধে সবার আগে নগরীর প্রাকৃতিক খালগুলোকে সম্পূর্ণ দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে হবে। একই সাথে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথি মোহাম্মদ শামীম সোহেল বলেন, নগর পরিকল্পনাকে যদি আমরা এখনই জলবায়ু সহনশীল করে গড়ে তুলতে না পারি, তবে টেকসই উন্নয়ন অধরাই থেকে যাবে।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সিএমপির (ডিবি) ডিসি আব্দুর রহমান প্রমুখ।