জকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে, সেবা নিলেন ২ হাজারের বেশি শিক্ষার্থী

জকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে, সেবা নিলেন ২ হাজারের বেশি শিক্ষার্থী

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী। রবিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া বিনামূল্যের এই চিকিৎসাসেবা চলে বিকাল ৪টা পর্যন্ত চলে।

মেডিক্যাল ক্যাম্পে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ১০টি ফ্রি মেডিক্যাল টেস্টসহ মোট ১১ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের শুরু থেকেই  শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন বলে জানা যায়।  

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদানই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। 

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়েছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মেডিক্যাল ক্যাম্প।

জানা যায়, আজকের এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সেবা নিতে আসা শিক্ষার্থীরা এইচবি, আরবিএস, এইচবিএ১সি, টিএইচএস, ভিট-ডি, সিআরপি, ট্রপোনিন-আই, ইউরিন স্ট্রিপ টেস্ট, ইসিজি ও ইউএসজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা বিনামূল্যে করতে পেরেছেন এবং ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও ছিল। এছাড়া কর্মসূচিতে মেডিসিন, অর্থোপেডিকস, জেনারেল সার্জারি, চক্ষু, গাইনি ও প্রসূতি, মানসিক রোগ, চর্মরোগ, হৃদরোগ, নাক-কান-গলা (ইএনটি), বক্ষব্যাধি ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।