চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষ, নিহত ১

প্রতিকি ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষে এক নাবিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে অবস্থানরত ‘এমভি কেপিপি-০১’ নামের জাহাজে কর্মরত দুই থাই নাগরিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে আঘাত করলে রাফিফং ক্লাহান গুরুতর আহত হন।

ঘটনার পর জাহাজে থাকা অন্যরা আহত নাবিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম সানিয়াপং কালাহান।

ঘটনার পর জাহাজ থেকে অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিককে আটক করা হয়। পরে পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে তাকে থানায় নেওয়া হয়েছে। জাহাজটি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ভাঙার জন্য আনা হয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিদেশি এক নাবিককে ছুরিকাঘাতে আহত অবস্থায় আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, জাহাজে থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।