চট্টগ্রামে রিক্সার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় ব্যাটারিচালিত রিক্সা আটক করতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।
এ ঘটনায় রিক্সাচালক আবদুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বর্তমানে কারাগারে আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত রিক্সা আটক করেন আব্দুল কুদ্দুস। পরে চালকের সহায়তায় সেটি মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি সড়ক বিভাজকের সঙ্গে আঘাত পেয়ে মাথায় গুরুতর জখম হন।
পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, আহত পুলিশ সদস্যকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, অটোরিক্সা চালকের ধাক্কায় আব্দুল কুদ্দুস মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ঘটনার দিনই পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয় এবং স্থানীয়দের সহায়তায় চালক আবদুল জলিলকে গ্রেফতার করা হয়।