আমরা কার কাছে বিচার চাইবো : বাপ্পারাজ
ছবিঃ সংগৃহীত।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সামাজিক গমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সমাজের অবক্ষয়, পারিবারিক বন্ধন ও ভালোবাসার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের স্ট্যাটাসে বাপ্পারাজ লেখেন, “পারিবারিক শিক্ষা, পারিবারিক বন্ধন, স্বার্থহীন ভালোবাসার অভাব আমাদের সমাজ আর সমাজের মানুষগুলোকে কত অসহায়, কত নিরুপায় করে তুলছে। আমরা কার কাছে বিচার চাইবো? কার কাছে নিরাপত্তা চাইবো?”
তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি সমাজে পারিবারিক মূল্যবোধ ও মানবিকতার সংকট নিয়েও আলোচনা শুরু হয়।
পল্লবীর শিশু রামিসা হত্যার ঘটনাটি সম্প্রতি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করছেন।
১৯৮৬ সালে ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পারাজের। তিনি ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘প্রেমের সমাধি’, ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘আমার অন্তরে তুমি’, ‘বাবা কেন চাকর’সহ একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। দর্শকদের কাছে তিনি “ট্র্যাজেডি কিং” হিসেবেও পরিচিত ছিলেন।