যে দল টাকা দেবে তাদের হয়ে গাইব: ইমন চক্রবর্তী
ফাইল ফটো
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার মসনদ দখল করতেই অনেক টলিউড তারকা ভোল পাল্টে ফেলেছেন। যাদেরকে একসময় তৃণমূলের মঞ্চে গলা ফাটাতে দেখা যেত, তারাই এখন বিজেপি বন্দনায় মেতেছেন। এই যেমন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী
সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন গায়িকা। ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার বলো আমি বিজেপি! কিন্তু আগে কথাগুলো শুনে নাও। এই মানুষটার সবচেয়ে বড় ভক্ত আমি। কিন্তু এখন থেকে নয়, বরাবর।’ গায়িকার পোস্ট সমালোচনার ঝড় তুলেছে নেটিদুনিয়ায়।
নেটিজেনদের একাংশ তাকে ‘সুবিধাবাদী’, ‘পাল্টিবাজ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি। অনেকে প্রশ্ন তুলেছেন, শমীক ভট্টাচার্যকে যদি তিনি আগে থেকে পছন্দ করে থাকেন, তাহলে এতদিন কেন প্রশংসা শোনা যায়নি? কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এতদিন গাইলেন উন্নয়নের পাঁচালি, এখন আবার শমীক বন্দনা?’, অন্য একজন লিখেছেন, ‘সময় বুঝে ডিগবাজি খেলেন।’
সমালোচনার মুখে ভারতীয় সংবাদমাধ্যমকে ইমন বলেন, ‘আমি কখনও তৃণমূল ঘনিষ্ঠ ছিলাম না। আমি সরকার ঘনিষ্ঠ ছিলাম। একজন শিল্পী হিসেবে গান গেয়ে জীবিকা নির্বাহ করি। তাই যে দল কাজের জন্য টাকা দেবে, তাঁদের হয়েই পাঁচালি গাইব। তৃণমূলের পাঁচালিও টাকার জন্য গেয়েছিলাম।’
উল্লেখ্য, গায়িকাকে রাজ্যের সাবেক শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবেই চিনতেন সাধারণ মানুষ। এমনকি ভবানীপুর উপনির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারমঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের পাঁচালি গেয়ে ভোট চেয়েছিলেন তিনি।