গুলিয়াখালী সৈকতে মিললো নিখোঁজ স্কুলছাত্রের লাশ

গুলিয়াখালী সৈকতে মিললো নিখোঁজ স্কুলছাত্রের লাশ

প্রতিকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ স্কুলছাত্র মো. রিফাতের (১৮) লাশ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার (২৪ মে) সকাল ৯টায় সাগর তীরবর্তী একটি কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিফাত সিরাজগঞ্জ জেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সেখানকার গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে গত শনিবার পাঁচ বন্ধু সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলো। তারা গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে চার জনকে উদ্ধার করা হলেও রিফাত পানিতে তলিয়ে যায়। রবিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।