দিনাজপুরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

দিনাজপুরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

প্রতিকি ছবি

 

দিনাজপুরের বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে টিনের চালে বটগাছের বড় ডাল ভেঙে চাপা পড়ে জাবেদা বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। এছাড়াও ঝড়ের তান্ডবে আম লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সময় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাবেদা (৩৫) বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদ হোসেনের স্ত্রী।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার ভোররাতে ঝড়ের সময় ছাগলের ঘর থেকে ছাগল বের করার সময় নিজ বাড়ির টিনের চালে বটগাছের বড় ডাল ভেঙে পড়ে। এসময় জাবেদা চাপা পড়ে যান। মেলাগাছি সংলগ্ন বাসুদেব মন্দিরের একটি পুরনো বটগাছের বড় ডাল ভেঙে টিনের চালে পড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে।

এতে জাবেদা চাপা পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কাহারোলে কালবৈশাখী ঝড়ে আম লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। এর ফলে গ্রামাঞ্চলের মানুষজনেরা বিদ্যুৎ না পেয়ে অন্ধকারে রাত কেটেছেন।

জানা যায়, সোমবার ভোর রাত ৪টা থেকে ৫টার মধ্যে প্রচন্ড কালবৈশাখী ঝড় আঘাত হানে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে চলতি মৌসুমের আম, লিচু গাছ ও ডাল-পালা ভেঙ্গে পড়েছে। এরফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আম লিচু গাছের মালিক ও ব্যবসায়ীরা।  

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাহারোল সাব জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ মে দিবাগত রাতের ঝড়ে ৫টি বিদ্যুতের খুঁটি ও ২৫ মে ভোর রাতে ঝড়ে ৬টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। খুঁটিগুলো দ্রুত অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের জন্য দিন-রাত অবিরাম কাজ করছেন সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কাহারোল সাব জোনাল অফিসের সদস্যরা।