প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ক্যাম্পাসের হাসপাতাল ভবনের পঞ্চম তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে রীতা আক্তার (২০) নামের এক তরুণীকে হত্যার অভিযোগে আব্দুর রহমান শেখ (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ভোরে ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত ২৩ মে ইউএসটিসি বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভবনের সামনে থেকে রীতার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে জানা যায়, রীতা চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন এবং সিডিএ বাজার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজের সুবাদে আব্দুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন থেকে চার মাস আগে কর্মস্থলে মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি বিভিন্ন সময় রীতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।
আব্দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গত ২৩ মে রাতে পোশাক কারখানা ছুটির পর কৌশলে রীতাকে ফয়েস লেক এলাকায় নিয়ে যান রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা বলবে জানিয়ে ইউএসটিসি হাসপাতালের জরুরি বিভাগের ভবনের উত্তর পাশের রেলিংবিহীন সিঁড়িতে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রীতাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন তিনি। এতে ঘটনাস্থলেই রীতার মৃত্যু হয়।
পুলিশ জানায়, পুলিশি তদন্তে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে প্রযুক্তির সহায়তায় ফেনী থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রীতাকে হাসপাতাল ভবনের পঞ্চম তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন