কক্সবাজারে ১০ চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ চালক আটক
প্রতিকি ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরু এবং চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকা থেকে গরু ও গাড়িসহ তাকে আটক করা হয়।
গরুবাহী ট্রাকটি ঈদগাঁও গরুর বাজার এলাকার একটি অবৈধ আড়তে যাচ্ছিল বলে জানা গেছে।
আটক সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ার খোপ এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও দু’জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। ভোররাতের একপর্যায়ে রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থেকে চালক সিরাজুল ইসলামকে আটক এবং অবৈধভাবে নিয়ে আসা ১০টি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুই পাচারকারী পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে গুরুগুলো ঈদগাঁও গরুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেন আটক ব্যক্তি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতার ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।