ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সে ধারাবাহিকতায় আজও দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।