পবিত্র ঈদুল আজহা আজ, ত্যাগের মহিমায় উদযাপনে প্রস্তুত দেশ
ফাইল ছবি
আজ বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ, পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারো ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী।
বুধবার (২৭ মে) সৌদি আরবে পবিত্র মক্কার হারামের ভেতরে পশু কোরবানির মাধ্যমে পবিত্র হজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ শেষে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি দেবেন।
প্রায় চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে তারই সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজের ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য পশু কোরবানি করে থাকেন।
আজ দিনের শুরু থেকেই হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য কাছের ঈদগাহ বা মসজিদে সমবেত হবেন। নামাজের খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরা হবে। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিবনির্বিশেষে সবাই একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলির মাধ্যমে।
আজ ঈদের নামাজ শেষে অনেকেই যাবেন কবরস্থানে, স্বজনের কবর জিয়ারত করতে। এই আনন্দের দিনে অশ্রুসিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করবেন তারা।
রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে। যদি আবহাওয়া অনুকুলে না থাকে তাহলে এক্ষেত্রে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় এই প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদুল আজহার পবিত্র তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাজধানী ঢাকায় বরাবরের মতো ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে শেষ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯ টা ৩০ মিনিটে।
এ ছাড়া রাজধানীর মহাখালী গাউছুল আজম মসজিদ, শাহজানপুর গাউছুল আজম মসজিদ, কমলাপুর কেন্দ্রীয় মসজিদ ছাড়াও দেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ প্রত্যেকটি বিভাগে মসজিদ এবং খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ-নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারো বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।”
প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।”
প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। এছাড়া মন্ত্রী, এমপি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে প্রধানমন্ত্রী যাবেন শেরেবাংলা নগরে, এখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতো ইতোমধ্যেই দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বা যেকোনো ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে সরকারি হাসপাতালে সেবা নিশ্চিত করা এবং ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হযেছে।
ঈদের ছুটিতেও চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো চালু থাকবে। এসব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এদিকে ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে সাত দিনের ছুটি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এ দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরেছেন সাধারণ মানুষ।
সংবাদমাধ্যমেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ ব্যবস্থায় অফিস খোলা রয়েছে।