নাসিরনগরে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

নাসিরনগরে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের অর্থ দিয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে ইছাপুর গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।