সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা এলাকার কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে ও বৃন্দা রানী একই গ্রামের বিধান চন্দ্র দাসের মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। পাশেই জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, নিহত শিশুদের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।