ভিজিএফের চাল বিক্রি করে বিকাশে চাইলেন টাকা, পদ হারালেন বিএনপি নেতা
সংগৃহীত ছবি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে চাল বিক্রি করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগে বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সোমবার (১ জুন) দলটির উপজেলা কমিটির সদস্য সচিব আলতাফ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে সুস্পষ্টভাবে যুক্ত থাকার অভিযোগে গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করা হল। গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাব খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে সোমবার সকাল থেকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের মো. আল্লামা শুভকে ফোন দিয়ে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাইতে শোনা যায়।
এ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় বইতে থাকে। এর পরই উপজেলা কমিটি হায়দার শরীফের সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।