মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাঠমিস্ত্রি, গ্রেফতার ২
সংগৃহীত ছবি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
নারায়ণ সরকার ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন বলে জানা যায়। তিনি ওই এলাকার নরেশ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণ সরকার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন বুধবার (২৭ মে)। পরের দিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাচাতো ভাই জগদীশ ও পার্শ্ববর্তী এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যান। ওই দিন দুপুরের দিকে সবাই বাড়িতে ফিরলেও নারায়ণ সরকার বাড়িতে না আসায় প্রাথমিক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনার ৪ দিন অতিক্রম হওয়ার পর নারায়ণ সরকারের সন্ধান না পেয়ে রোববার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিখোঁজের স্ত্রী চম্পা রানী। পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে গ্রেফতার করেছে।
নিখোঁজ নারায়ণ সরকারের চাচাতো ভাই বিনয় সরকার জানান, ৪ জন মিলে শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। আমরা জানতে পেরেছি যে, ডাঙ্গার মাছ ধরতে গিয়ে ডাঙ্গার লিজদাতা নিখিল রাজবংশীর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। সেখান থেকে কিছু একটা হয়েছে বলে আমার মনে হয়। এখন যেহেতু মামলা হয়েছে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় গুমের মামলা করেছেন ভিকটিমের স্ত্রী। ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।