ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে লালমোহন ও মনপুরায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জামশেদের দেড় বছর বয়সী কন্যা জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো. শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ৬ বছর বয়সী ছেলে সজিব।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। 

কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময় মনপুরার হাজীরহাট ইউনিয়নে খেলা করার সময় পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু দুটির মৃত্যুর বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।