টেকনাফে মার্কিন নাগরিক ‘শিশু’কে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

টেকনাফে মার্কিন নাগরিক ‘শিশু’কে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রতিকি ছবি

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের চার বছর বয়সী ভাগিনাকে অপহরণের চেষ্টা করা হয়। শিশুটি মার্কিন নাগরিক। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাড়ির সামনের পাকা সড়কে একা থাকা অবস্থায় তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা।

একই দিন টেকনাফের শাপলা চত্বর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে র‌্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি টহল দল অপহরণচেষ্টার খবর পায়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত নতুন পল্লানপাড়া এলাকায় ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় জনতা তিন অভিযুক্তকে আটক করে মারধর করছিল। র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে আহত অবস্থায় তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ্ (২৪) এবং আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব বলেছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।