পাওনা টাকা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

পাওনা টাকা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

প্রতিকি ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাত্র ৫০০ টাকার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়া (২০) ও তার মা হাবিবা আক্তারকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়ার কাছে ইমন মিয়ার ৫০০ টাকা পাওনা ছিল। সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। পরে দুপুরে মিলন মিয়া বাড়ির সামনে কাজ করছিলেন। এ সময় ইমন মিয়া ও তার মা হাবিবা আক্তার সেখানে গিয়ে আবারও পাওনা টাকা নিয়ে তর্কে জড়ান।

একপর্যায়ে ইমনের হাতে থাকা সবজি কাটার দা দিয়ে মিলন মিয়ার গলায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ইমন ও তার মাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ইমনের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।