মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ের পাশের অবৈধ দোকান উচ্ছেদ
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরের এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী রফিকুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন এবং সড়কে যানজট সৃষ্টি হচ্ছিল।
প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।