সিরাজগঞ্জে নদী থেকে বৃদ্ধা ও কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নদী থেকে বৃদ্ধা ও কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় নদীতে নিখোঁজ হওয়া এক বৃদ্ধা ও এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন— শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল। তিনি উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী।

অপরজন তামিম হোসেন (১৪)। সে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে। তামিম গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অবস্থান করে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

শাহজাদপুর থানার এসআই আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ার ঘাটিনা পালপাড়া গ্রামের শতবর্ষী মায়া রাণী শীল বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টসংলগ্ন করতোয়া নদীতে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বজনদের কাছে হস্তান্তর করে।

অপরদিকে, শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নেমে তামিম হোসেন নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।