কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আহত ১
প্রতিকি ছবি
কক্সবাজার শহরতলীর দরিয়ানগর এলাকায় একটি কালভার্ট নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দরিয়ানগর-ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সড়কে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব।
নিহত ও আহত শ্রমিকরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
নির্মাণকাজের দায়িত্বে থাকা লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার বলেন, সকাল থেকে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ পাশের মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর অবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে থাকা শ্রমিক আব্দুল খালেক বলেন, নিহত ইলিয়াস তার চাচাতো ভাই ও রাকিব তার ভাগিনা। আহত মো. শাহজাহানও তাদের স্বজন।
তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আব্দুল খালেক বলেন, কালভার্ট নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে তিনজন চাপা পড়েন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুই শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনে ময়নাতদন্ত করা হবে।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে