জয়পুরহাটে পিকনিকের বাসের চাপায় শিশু নিহত
ফাইল ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হামিমের বাবা শফিকুল ইসলাম ধান শুকানোর জন্য পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে পশ্চিম পাশের একটি আঙিনায় যাচ্ছিলেন।
বাবার অজান্তেই শিশু হামিমও তার পেছন পেছন রাস্তা পার হতে যায়। এ সময় পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।