থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারপিট, ওসিসহ ক্লোজড ৫

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারপিট, ওসিসহ ক্লোজড ৫

ফাইল ছবি

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।  

তারা হলেন ওসি আজাদ রহমান, নারী কনস্টেবল লিমা সরেন, বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা ও সাব-ইন্সপেক্টর মাসুদ রানা।  

মারধরের শিকার নেতা রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, থানার ভেতরে এক যুগলকে আটকের ঘটনায় পরিবারের অনুরোধে তিনি সেখানে যান। গিয়ে দেখতে পান, এক পুলিশ সদস্য তাদেরকে মারধর করছেন। বিষয়টি নিয়ে তখন তিনি আপত্তি জানান। সেই সঙ্গে দলের এক নেতাকে জানাতে পকেট থেকে তিনি ফোন বের করলে ওসি, এসআই ও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন।

পরে তাকে বেধড়ক মারধর করা হয়। গত বুধবার রাতে এই মারপিটের ঘটনা ঘটে।  

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, এই ঘটনায় ওসিসহ ৫ জনকে ক্লোজড করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

কমিটিকে দুইদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে সভাপতি, ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান এবং এসি কোতয়ালী সুকুমার রায়কে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

এদিকে, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম বলেন, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে