রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের পরিচিত রুহুল আমিন জানান, ঈদের আগের দিন (২৭ মে) তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে স্কুটার চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে ৩০০ ফিট সড়কে একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান।

তিনি আরও জানান, লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। সেখানে তার নিজস্ব একটি কারখানা রয়েছে।

তার বাবার নাম লি ফিংদি।

ভাটারা থানার এসআই মো. রায়হানুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।