তৃতীয় বিয়ের দিনক্ষণ জানালেন আমির খান

তৃতীয় বিয়ের দিনক্ষণ জানালেন আমির খান

ফাইল ফটো

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জন উড়িয়ে দিয়ে বিয়ের এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। শুধু তাই নয়, জানালেন দিনক্ষণও।

সম্প্রতি এক মন্তব্যে আমির খান জানান, বর্তমানে তিনি একটি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে তার বিয়ের যে খবরটি ছড়িয়েছে তা সম্পূর্ণ সত্য এবং আগামী ৫ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার কথায়, ‘বিয়ের যে খবর ছড়িয়েছে তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।’ 

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জমকালো কোনো আয়োজন নয়, বরং দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাদের বিয়ের আয়োজন করা হচ্ছে। এর আগে ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই অভিনেতা।

আমির খানের বিয়ের সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। একে একটি সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আমিরের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন তিনি।