এক ব্যায়ামেই গলবে পেটের চর্বি, কোমর হবে সরু
ফাইল ফটো
মেদহীন পেট, ছিপছিপে কোমর আর সুগঠিত নিতম্ব— এমন চমৎকার দেহাকৃতির শখ কম-বেশি সবারই থাকে। কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে শরীরচর্চা করার সময় সুযোগ হয়ে ওঠে না অনেকেরই।
তাই বিশেষজ্ঞরা এমন কিছু ব্যায়ামের পরামর্শ দেন, যা অল্প সময়ে শরীরের একাধিক পেশিতে একসঙ্গে কাজ করতে পারে।
ইদানীং সমাজমাধ্যমে ঠিক তেমনই একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়ে বেশ চর্চা হচ্ছে। দাবি করা হচ্ছে, এই একটিমাত্র ব্যায়ামেই পেটের মেদ কমে যাবে এবং শরীরের ‘কোর’ পেশিগুলো দারুণভাবে সক্রিয় হবে।
কী এই ব্যায়াম?
এটি ‘গ্লুট ব্রিজ’ বা নিতম্ব উত্তোলনের অনুশীলন নামে পরিচিত।
এই ব্যায়ামটি শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অংশে একসঙ্গে কাজ করে। সঠিক পদ্ধতিতে নিয়মিত এই অনুশীলন করলে শরীরের কেন্দ্রীয় অংশ বা ‘কোর’ শক্তিশালী হয়। এর পাশাপাশি কোমরের অংশ সরু করতে, বাহুর মেদ ঝরাতে এবং শরীরের সঠিক ভঙ্গি ধরে রাখতে এটি সাহায্য করে।
জেনে নিন ধাপে ধাপে অনুশীলনের নিয়ম—
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই বিশেষ ব্যায়ামটি ঘরে বসেই সহজে করা সম্ভব।
নিচে এর ধাপগুলো তুলে ধরা হলো—
শুরুর প্রস্তুতি : প্রথমে একটি ইয়োগা ম্যাটের উপর পিঠ ঠেকিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। এবার হাঁটু দুটি ভাঁজ করে পায়ের পাতা মেঝেতে রাখুন।
রোলারের ব্যবহার : এই ব্যায়ামের জন্য একটি ফোম রোলার প্রয়োজন হবে। রোলার না থাকলে দু’টি তোয়ালে একসঙ্গে রোল করে মাদুরের ওপর রেখে ব্যবহার করতে পারেন।
শরীরের অবস্থান : পিঠের উপরের অংশ সেই রোলারের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন।
এই অবস্থায় কেবল দুটি পায়ের পাতা মাটিতে থাকবে এবং শরীরের বাকি অংশ মাটি থেকে শূন্যে তুলে ফেলতে হবে।
হাত ও পায়ের সমন্বয় : এবার ডান হাত নিচে নামিয়ে বাঁ পায়ের হাঁটু ছুঁতে হবে। একই সঙ্গে বাঁ পায়ের হাঁটুও বুকের কাছাকাছি টেনে আনতে হবে। এরপর হাত আবার উপরে উঠে যাবে এবং হাঁটু সোজাসুজি সামনের দিকে প্রসারিত হবে। এভাবে ছন্দ মিলিয়ে বারবার করতে হবে।
দিক পরিবর্তন : ডান হাত ও বাঁ পায়ের পর্ব শেষ হলে, ঠিক একইভাবে উল্টো দিকের হাত (বাঁ হাত) ও পায়ের (ডান পা) ব্যায়ামটি করতে হবে।
ওজন ব্যবহার (ঐচ্ছিক) : ব্যায়ামের কার্যকারিতা আরেকটু বাড়াতে চাইলে হাতে এবং পায়ে এক কেজির হালকা ডাম্বেল বা ভার বেঁধে নিতে পারেন।
- কতবার করবেন?
প্রতি দিকে ১৫ বার করে মোট ৪টি সেটে এটি অভ্যাস করতে হবে। প্রতি সেট শেষ হওয়ার পর যখন বিরতি নেবেন, তখন ৪ বার জোরে জোরে গভীর দীর্ঘশ্বাস নিতে হবে।
নিয়মিত ও সঠিক নিয়মে এই একটি ব্যায়াম করলেই মিলতে পারে কাঙ্ক্ষিত ও সুগঠিত শরীর।