ঘেরে কাজ করে ফেরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
বরিশালের আগৈলঝাড়ায় বাবার মাছের ঘেরে কাজ করে ফেরার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তানভীর খান (১৮) উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা ওয়াসিম খানের ছেলে।
আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় জানান, মাছের ঘেরে সকালে তিন শ্রমিকের সঙ্গে কাজ করছিল তানভীর।
বৃষ্টি শুরু হলে তিন শ্রমিকসহ তানভীর মাথায় পাতিল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় বজ্রপাতে সবাই পড়ে যায়। তিন শ্রমিক উঠে দাঁড়ালেও তানভীর মাটিতে পড়ে ছিল। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।