অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো

টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে প্রতারণার অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক কর্মকার দাবি করেছেন, সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। ওই অর্থ একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

জানা গেছে, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের। সেই প্রজেক্টের জন্যই অর্থ দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে সিনেমাটি নির্মিত হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি বলে অভিযোগ করা হয়েছে।

কৌশিকের আরো দাবি, বিনিয়োগ করা অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক কর্মকার এই অর্থ বিনিয়োগ করেন। 

তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রে সোহমের প্রতিষ্ঠানের কিছু ভুয়া নথি ব্যবহারের অভিযোগও রয়েছে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটি কলকাতার চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নিবন্ধিত।

গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা, জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। পরে আসন পরিবর্তন করে করিমপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিলেও জয় পাননি তিনি।