ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত

ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নে পাহাড়ে হরিণ শিকার করার সময় জমিল উদ্দিন নামে এক ব্যক্তি শিকারিদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত জমিল উদ্দিন (৫০) খিরাম ৮নং ওয়ার্ডের বালি বাপের বাড়ীর মৃত তোফায়েল আহমেদের পুত্র। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সর্তা বিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারিরা মাঝে মাঝে হরিণ শিকার করে। একইভাবে আজ (শনিবার) হরিণ শিকারে গিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খাঁন জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।