যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট

যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট

সংগৃহীত ছবি

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে বগুড়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা। অনেক ক্ষেত্রে ৪ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ২৪ ঘণ্টা পর্যন্ত।

 

যাত্রীদের অভিযোগ, যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে দুই লেনের পরিবর্তে এক লেন দিয়ে যান চলাচল করানো এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে বগুড়ার রহবল এলাকা পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঢাকাগামী যানবাহনগুলোকে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চলের বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক ও কর্মজীবী মানুষ একযোগে রাজধানীমুখী হওয়ায় শুক্রবার থেকে মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর সঙ্গে সেতুর ওপর যানবাহন বিকল হওয়া, দুর্ঘটনা এবং অনিয়ন্ত্রিত থামার ঘটনাও যানজটকে আরও তীব্র করেছে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মোহায়মিনুল মাহির জানান, শুক্রবার বিকেল ৫টায় বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে তিনি শনিবার বেলা ১১টায় গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। স্বাভাবিক সময়ে যে পথ অতিক্রম করতে চার ঘণ্টা লাগে, সেখানে তার সময় লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। অনেক যাত্রীকে আরও বেশি সময় ভোগান্তি পোহাতে হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে দুই লেনের একটি বন্ধ থাকায় সব যানবাহনকে একটি লেন ব্যবহার করতে হচ্ছে। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বাসচালক ও যাত্রীরা জানান, স্থানীয় ছোট যানবাহন, দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি একসঙ্গে ঢাকামুখী হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় প্রচণ্ড গরমে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে যমুনা সেতুর ওপর অনেক যানবাহন অপ্রয়োজনে থামিয়ে যাত্রীদের ছবি তোলা ও বিভিন্ন কর্মকাণ্ডে সময় নষ্ট করার অভিযোগও রয়েছে। এছাড়া কিছু পরিবহন শ্রমিক নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানোর কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চল থেকে রাজধানীমুখী যাত্রীর চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে কিছু সময়ের জন্য যানজট তৈরি হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।