স্মার্টওয়াচের পেছনে সবুজ আলো কেন জ্বলে? জেনে নিন এর কাজ
ছবি: সংগৃহীত
গত কয়েক বছরে স্মার্টওয়াচের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং। আপনি কতটা হেঁটেছেন, কত ক্যালোরি পুড়েছে, মানসিক চাপের মাত্রা এবং ঘুমের মানের মতো বিভিন্ন বিষয় এটি ট্র্যাক করতে পারে। তবে সব সময় এই পরিমাপ নিখুঁত নাও হতে পারে। এই তথ্যগুলো পর্যবেক্ষণের ক্ষেত্রে হৃদস্পন্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, স্মার্টওয়াচ কীভাবে হৃদস্পন্দনের হিসাব করে এবং এর পেছনে কোন প্রযুক্তি কাজ করে?
স্মার্টওয়াচে মূলত দুই ধরনের সেন্সর কাজ করে। কিছু মডেলে ফোটোপ্লেথিসমোগ্রাফি বা পিজিপি অপটিক্যাল হার্ট রেট মনিটর ব্যবহার করা হয়। এতে সবুজ আলোর সাহায্যে ত্বকের নিচে রক্তের প্রবাহে হওয়া পরিবর্তন শনাক্ত করা হয়। আবার কিছু প্রিমিয়াম মডেলে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি সেন্সর থাকে, যা হৃদযন্ত্রের বৈদ্যুতিক সংকেত পরিমাপ করে হৃদস্পন্দন সম্পর্কে তথ্য দেয়।
বিশেষজ্ঞদের মতে, হৃদস্পন্দন পর্যবেক্ষণের ক্ষেত্রে ইসিজি সাধারণত বেশি নির্ভুল। অন্যদিকে, পিজিপি মনিটরের নির্ভুলতা ট্যাটু, গাঢ় ত্বক এবং হাত নড়াচড়ার কারণে প্রভাবিত হতে পারে। পিজিপি মনিটরে মূলত সবুজ আলো ব্যবহারের কারণ হলো আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন। লাল রঙের রক্তকণিকা সবুজ আলোর একটি বড় অংশ শোষণ করে। ক্যাপিলারি বা রক্তনালী যখন রক্তে পূর্ণ থাকে, তখন তা সবুজ আলো বেশি শোষণ করে এবং কম আলো সেন্সরে ফিরে আসে। আর রক্তনালী ফাঁকা থাকলে আলো বেশি প্রতিফলিত হয়। আলো শোষণের এই তারতম্য বিশ্লেষণ করেই সেন্সর হৃদস্পন্দন শনাক্ত করে।