কালীগঞ্জে চালকের বেশে ছিনতাই, মালামালসহ গ্রেফতার ২

কালীগঞ্জে চালকের বেশে ছিনতাই, মালামালসহ গ্রেফতার ২

প্রতিকি ছবি

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালকের বেশে পরিকল্পিত নারী যাত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিএনজি চালক আরমান মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সায়েল (২৮)। ভুক্তভোগী নারী নরসিংদী জেলা সদরের ব্রাহ্মনপাড়া এলাকার হারুন আহমেদ নাসিমের মেয়ে ইসরাত আহমেদ শোভা (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন রাত সোয়া নয়টার দিকে শোভা পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে টঙ্গীর উদ্দেশে একটি সিএনজি রিজার্ভ করেন। পরদিন সকালে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে তার চাকরির সাক্ষাৎকার ছিল। পথে রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ থানার বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ সিএনজি থামিয়ে পেছনের বাঁ দিকের দরজা খুলে দেন। তখনই দ্রুত ভেতরে ঢুকে পড়েন আরেকজন। কারণ জানতে চাইলে ওই ব্যক্তি শোভার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন এবং গলায় ধারালো ছুরি ধরে হুমকি দেন চিৎকার করলে গলা কেটে লাশ গুম করা হবে। এরপর চলন্ত সিএনজিতেই কেড়ে নেওয়া হয় তার গলার স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি আইফোন। 

পরে কালীগঞ্জের বাইপাস মোড়ে এসে শোভাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় সিএনজিটি। স্থানীয়দের সহায়তায় শোভা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শোভাকে সঙ্গে নিয়ে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পুলিশ চালকের পরিচয় শনাক্ত করে। 

পরদিন ৬ জুন সকাল সাড়ে ৮টার দিকে পলাশ থানা পুলিশের সহায়তায় আলীরটেক এলাকায় অভিযান চালিয়ে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সহযোগীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি আটক করে এবং তার কাছ থেকে একটি স্বর্ণের আংটি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করে।

আরমান পুলিশকে আরও জানান, ছিনতাই করা মুঠোফোনটি সায়েলের কাছে বন্ধক রাখা হয়েছে। এরপর একই সকালে ৯টা ১০ মিনিটে সায়েলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে মুঠোফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।