আশুলিয়ায় বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারীসহ গ্রেফতার ২০
প্রতিকি ছবি
সাভারের আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, তিনজন অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং বাকি ছয়জন বিভিন্ন মামলার আসামি।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ওসি তৌহিদুল ইসলাম বলেন, “মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের চিরুনি অভিযান পরিচালনা করা হবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।