নোয়াখালীতে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামারবাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লাহর মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাহির বড় ভাই ও ভাবি বাড়িতে ছিলেন। তার বাবা বাইরে এবং মা নানাবাড়িতে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে রাহি রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ ছিল। স্থানীয়দের ধারণা, রাহি ওই যুবকের মাধ্যমে কোনো ধরনের ব্ল্যাকমেইলের শিকার হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ইসমাইল নামে এক যুবকের নাম রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।