বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ
প্রতিকি ছবি
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে। পুলিশের ধারণা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় নিহত ওই যুবক।
সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।