রূপগঞ্জে ৬ মাদক কারবারি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয় ৮৫ বোতল বিদেশি মদ, পাঁচশত গ্রাম গাঁজা, ৫৫ বোতল ফায়ারড্রিল সিরাপ ও ৪১ পিস ইয়াবা।
ওসি সালাউদ্দিন বলেছেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’